জলবায়ু পরিবর্তনের উপাত্ত বিশ্লেষণ নিয়ে বাগেরহাটে কর্মশালা
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে নিজ নিজ গ্রামের জলবায়ু পরিবর্তনবিষয়ক উপাত্ত (ডেটা) ও তথ্য বিশ্লেষণ নিয়ে বাগেরহাটে তিন দিনের কর্মশালা চলছে। কর্মশালার আয়োজক আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প। রোববার সকালে স্থানীয় গণবিদ্যালয় মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন আমাদের গ্রামের পরিচালনা পরিষদের সদস্য শেখ জলিল। স্বাগত বক্তব্য দেন আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম। কর্মশালা আজ শেষ হবে।
কর্মশালায় প্রকল্পের আওতাভুক্ত পাঁচটি জেলার (বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, পিরোজপুর ও চট্টগ্রাম) মোট ৪১ জন কর্মী অংশ নিচ্ছেন। আমাদের গ্রামের তৈরি নিজস্ব মোবাইল অ্যাপ ব্যবহার করে পাঁচটি গ্রামের জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) অবস্থানসহ জনমিতিক, স্বাস্থ্য, পরিবেশ, দূষণ, সার্বিক প্রতিবেশ ও প্রতিবেশ কাঠামোর রূপান্তর নিয়মিত পর্যবেক্ষণ করে ডেটাবেস গড়ে তোলা হয়েছে। এসব তথ্য-উপাত্ত ব্যবহার করে স্থানীয় যুব সম্প্রদায় নেতৃত্ব দিয়ে মানুষের কল্যাণে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে, কর্মশালায় তার পরিকল্পনা তৈরি করা হবে। কর্মশালা পরিচালনা করছেন আমাদের গ্রাম প্রকল্পের বিশেষজ্ঞ মাহেরীন আহমেদ।
—বিজ্ঞপ্তি